আগষ্টের পাঁচ: মুক্ত আকাশ
আগষ্টের পাঁচ নিয়ে এলো এক নতুন ভোর,
ভেঙে গেল যত তিমির রজনী, বন্দি ঘোর।
রক্তে কেনা এই যে মুক্ত বাতাস,
পলাতক আজ স্বৈরাচারের হুঙ্কার আর ত্রাস।
সতেরটি বছর জমে থাকা যত ক্ষোভের জ্বালা,
ছাত্র-জনতা পরিয়ে দিল যে বিজয়ের মালা।
রাজপ্রাসাদের ভিত্তি কেঁপেছিল সেদিনের হুঙ্কারে,
ক্ষমতার দাপট মুছে গেল জনতার পদভারে।
ছেড়ে দিয়ে গদি, পালিয়ে রক্ষা সীমান্ত পারে,
ফ্যাসিবাদ হার মানল অন্যায়ের অন্ধাকারে।
শহীদের রক্ত বৃথা যায়নি, বিজয়ী আজ তারা,
বাংলাদেশ আজ মুক্ত, স্বাধীন, খুশিতে আত্মহারা।
যে রক্তের নদী বয়েছিল ঢাকার রাজপথে,
সেই রক্তের শক্তিতেই আমরা নেমেছি জয়ের পথে।
বুলেটের বুকে বুক পেতে দেওয়া বীর তরুণদের দল,
ভেঙে দিল সব স্বৈরাচারের অহংকার আর বল।
পাঁচই আগস্ট ইতিহাস লেখে নতুন কালির টানে,
দেশ ফিরে পায় নিজের মাটি, মুক্তির নতুন গানে।
সতেরটি বছর শোষণে বিঁধেছিল শাণিত তীর,
কিন্তু নত হয়নি কোনোদিন এ দেশের বীরের শির।
গণভবনের দেয়াল টপকে এল যে জনস্রোত,
সুদে-আসলে মিটিয়ে দিল সব অত্যাচারের শোধ।
ভয় দেখিয়ে যে দেশ চালানো যায় না কোনোদিন,
পাঁচই আগস্ট প্রমাণ করল মুক্ত স্বাধীন দিন।
মন্তব্য করুন