মা ও শিশুর সুস্বাস্থ্য, পুষ্টি সচেতনতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে দেশ যুব সংগঠন, সিলেটের উদ্যোগে জনসচেতনতামূলক ‘মা ও শিশু স্বাস্থ্য’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সিলেট নগরীর পূর্ব দরগাহ গেইটস্থ আম্বরখানা রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ শাহ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সুস্থ ও সচেতন জাতি গঠনে মা ও শিশুর স্বাস্থ্যসুরক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে সিলেট সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্যসেবা, পরিচর্যা, সচেতনতা বৃদ্ধি এবং শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. ইকবাল হোসেন মামুন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি রুনা সুলতানা।
দেশ যুব সংগঠনের সভাপতি কামাল আহমদ দূর্জয়ের সভাপাতিত্ব এবং . এইচ. হাফিজ-এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর অন্বেষণ-এর প্রধান সম্পাদক সাজন আহমদ সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবান ভলান্টিয়ার-এর সভাপতি জুয়েল আহমদ, ইনসাফ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট গীতিকার শাহ তোফাজ্জল ভান্ডারী, দেশ যুব সংগঠন সিলেটের উপদেষ্টা এমদাদুর রহমান চৌধুরী জিয়াসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাজন আহমদ সাজু বলেন, “একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে দক্ষ ও সচেতন নাগরিক তৈরির বিকল্প নেই। মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কারিগরি শিক্ষা ও আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নারী-পুরুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর অবদান রাখবে।”
সচেতনতা, মানবিক মূল্যবোধ ও স্বাস্থ্যসুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে দেশ যুব সংগঠনের এ উদ্যোগ উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে।
মন্তব্য করুন