জালালাবাদ গ্যাস টি এন্ড ডি লিমিটেড পরিচালনা পর্ষদের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, সিলেট নজরুল একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করবে।
তিনি বলেন, নজরুল কেবল একটি সময়ের কবি নন, তিনি বাঙালির সাম্য, মানবতা, স্বাধীনচেতা মনন ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্ত প্রেরণার উৎস। তাঁর কবিতা ও গানে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা, সাম্য ও সম্প্রীতির যে আহ্বান রয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
সমাজ ও রাষ্ট্রে নানা ধরনের বৈষম্য, অসহিষ্ণুতা ও মানবিক সংকট যখন মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে, তখন নজরুলের সৃষ্টিকে নতুন করে পাঠ করা জরুরি। তাঁর বিদ্রোহের চেতনা যেমন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়, তেমনি তাঁর মানবিক দর্শন মানুষে মানুষে বিভেদ ভুলে সম্প্রীতির সমাজ গঠনের পথ দেখায়।
তিনি শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় নজরুল একাডেমি সিলেট এর নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নজরুল একাডেমি সিলেটের আয়োজনে নগরীর জিন্দাবাজারে একাডেমির নিজস্ব মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক মো. ফরিদ উদ্দিন।
নজরুল একাডেমির যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন সুমনের পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন একাডেমির সিনিয়র সহ-সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহ-সভাপতি লে. মো. মনিরুল ইসলাম, নিহার রঞ্জন দাস, তাজউদ্দিন আহমদ মাসুম, লোকমান আহমদ, লিটন আহমদ ও মিলাদ বড় ভূঁইয়া।
এছাড়া বক্তব্য দেন ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির সমছু, সহ-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান দিপু, কোষাধ্যক্ষ আশরাফ আরমান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সামাদ তোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজন আহমদ সাজু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সহ-আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিঠু, পাঠাগার সম্পাদক সুয়েজ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার, কার্যনির্বাহী সদস্য দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, রায়হান এইচ খানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
পরিচিতি সভায় প্রধান আলোচনায় উঠে আসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবিক দর্শন এবং সমকালীন সমাজে নজরুল চর্চার প্রয়োজনীয়তা।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের নজরুলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেই হবে না, তাদের চিন্তা, মনন ও সৃজনশীলতার সঙ্গে নজরুলের দর্শনের সংযোগ ঘটাতে হবে। সাহিত্য, সংগীত, আবৃত্তি, আলোচনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তরুণদের কাছে নজরুলকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে হবে।
তাদের মতে, প্রযুক্তির দ্রুত বিস্তারের এই সময়ে তরুণদের সুস্থ সাংস্কৃতিক বিকাশের জন্য একটি শক্তিশালী সাংস্কৃতিক পরিবেশ প্রয়োজন। অপসংস্কৃতির প্রভাব থেকে নতুন প্রজন্মকে দূরে রেখে সৃজনশীল ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে নজরুল চর্চা কার্যকর ভূমিকা রাখতে পারে।
সভায় নেতৃবৃন্দ বলেন, নজরুল একাডেমি সিলেটকে শুধু দিবসভিত্তিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। নিয়মিত সাহিত্যসভা, সংগীতানুষ্ঠান, আবৃত্তি, পাঠচক্র, সেমিনার ও তরুণদের অংশগ্রহণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একাডেমিকে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে।
তারা বলেন, সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নজরুলের সৃষ্টিশীলতাকে যুক্ত করে নতুন একটি সাংস্কৃতিক জাগরণ তৈরি করা সম্ভব। এ ক্ষেত্রে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে নজরুল একাডেমি আরও কার্যকর ভূমিকা রাখবে।
সভায় আগামী ২৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নজরুল বর্ষ উদযাপন এবং একাডেমির আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।
মন্তব্য করুন