জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা
জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জীবনের গন্তব্য নয়, এটি স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ সোপান। আজকের এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি রয়েছে বাবা-মায়ের ত্যাগ, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা।
তিনি বলেন, জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। তাই এই সাফল্যকে হৃদয়ে ধারণ করে শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, ভালো মানুষ হয়ে ওঠাই শিক্ষার প্রকৃত সার্থকতা।
বদরুজ্জামান সেলিম আরও বলেন, তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমাদের মেধা, মনন, মানবিকতা ও দেশপ্রেমের আলোয় আলোকিত হবে আগামী দিনের সমাজ ও দেশ। জীবনের পথে যত বাধাই আসুক, সাহস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, অন্ধকার যত গভীরই হোক, একটি ছোট্ট আলোর প্রদীপও পথ দেখাতে পারে।
তিনি ৬ সেপ্টেম্বর (রবিবার) সিলেট মহানগরীর চৌকিদেখিতে শাহপরান প্রি ক্যাডেট একাডেমি হল রুমে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহপরান প্রি ক্যাডেট একাডেমির অধ্যক্ষ আশুতোষ চন্দ্র দাসের সভাপতিত্ব এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহবায়ক সাজন আহমদ সাজুর সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান প্রি ক্যাডেট একাডেমির চেয়ারম্যান হুমায়ুন আহমদ মাসুক,সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, সমাজসেবক লুৎফর রহমান, লোকমান আহমদ লিটন,দ্যা মাষ্টার মাইন্ড স্কুলের প্রিন্সিপাল আমীর উদ্দিন পাবেল।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী সাইদ মাহমুদ ওয়াদুদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক কবি সাজ্জাদ আহমদ সাজু,সাহেল আহমদ নয়ন, শামীম আহমদ,হাফিজুর রহমান,জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সদস্য জাকির হোসেন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য কামাল আহমদ দূর্জয়, শাহীন আহমদ প্রমুখ।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংবর্ধিত শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তাদের প্রত্যেকের আগামী দিন হোক নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা ও সাফল্যের বর্ণিল অভিযাত্রায় সমৃদ্ধ। পাশাপাশি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান উপস্থিত অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে শাহপরাণ প্রি ক্যাডেট একাডেমি এবং নলেজ গার্ডেন কিন্ডারগার্টেন স্কুলের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র এবং ফুল উপহার দেওয়া হয়।
মন্তব্য করুন