দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পথে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় আজ বুধবার রাত সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। দেশে ফেরার পর প্রথম তিন দিন তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দলের জ্যেষ্ঠ নেতারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট সড়ক ব্যবহার করে নির্ধারিত সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।
সংবর্ধনা শেষে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। পরে বিমানবন্দর সড়ক হয়ে কাকলী মোড় অতিক্রম করে গুলশান–২ নম্বরে নিজ বাসভবনে ফিরবেন। প্রথম দিন আর কোনো কর্মসূচি নেই বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও বলেন, পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমানের আরও দুটি কর্মসূচি রয়েছে। এদিন তিনি জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এ জন্য তিনি সশরীরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন কি না, সে বিষয়ে পরে জানানো হবে। একই দিনে ভোটার হিসেবে নিবন্ধনের আনুষ্ঠানিক কাজ শেষ করবেন তিনি।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে তিনি শ্যামলীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নেবেন।
দিনের শেষ ভাগে আরও একটি কর্মসূচি রয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই অনুষ্ঠানের বিস্তারিত সময়মতো জানানো হবে।
মন্তব্য করুন