মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখা।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, একুশের চেতনা এখন বিশ্বজুড়ে ভাষার অধিকার ও মর্যাদা রক্ষার প্রতীক। ভাষাবৈচিত্র্য সংরক্ষণ এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একুশের মূল প্রেরণা ছিল গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায় ও সমতার দাবি প্রতিষ্ঠা। ভাষা আন্দোলনের আত্মত্যাগ বাঙালির স্বাধিকার চেতনা, গণতান্ত্রিক আন্দোলন ও সাংস্কৃতিক বিকাশকে সুদৃঢ় করেছে এবং স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, একুশের আদর্শ ধারণ করেই গণতন্ত্রের অগ্রযাত্রাকে শক্তিশালী করার প্রত্যয়ে দল কাজ করে যাচ্ছে।
এ সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, জেলা বিএনপির সহসভাপতি শহিদ আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট সাঈদ আহমদ, উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে সিলেট জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিট নিজ নিজ এলাকায় কর্মসূচি গ্রহণ করেছে বলে দলীয় সূত্রে জানানো হয়।
মন্তব্য করুন