
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী কী করেছিল, তা জাতিকে মনে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “কেউ কেউ বলে যে একবার দেখুন না এদের (জামায়াত)। তাদের তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কীভাবে মা-বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে।”
শুক্রবার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ধারাবাহিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ধর্মের নামে ব্যবসা ও শিরকের অভিযোগঃ
কোনো নাম উল্লেখ না করেই তারেক রহমান বলেন, দেশের কিছু ব্যক্তি বিভিন্ন ‘টিকিট’ ও ‘কনফারমেশন’ দিয়ে নিজেদের লাভবান করছে। তিনি মন্তব্য করেন
দোজখ, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেখানে মানুষ যদি নিজে থেকে কিছু বলার চেষ্টা করে, সেটা শিরকের পর্যায়ে পড়ে। ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি আহ্বান জানান ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে যারা ধর্মের নামে বিভ্রান্তিকর দাবি করেন, তারা শিরকে লিপ্ত হচ্ছেন। শ্রোতারাও এতে জড়িয়ে যেতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে জামায়াতের প্রতি সহানুভূতিশীল কিছু বক্তব্য নিয়ে সমালোচনা করে তিনি বলেন ইদানীং শুনছি কেউ কেউ বলেন একবার দেখুন না এদের। দেশের মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে। একাত্তরে তারা নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, পতিত এক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখতে যেভাবে হাজার মানুষ হত্যা করেছিল, একাত্তরে জামায়াতও একইভাবে নৃশংসতা চালিয়েছিল।
দুর্নীতি ও আইনশৃঙ্খলা দেশের বড় সংকট
তারেক রহমান বলেন, দুটি বিষয় মোকাবিলা করতে না পারলে দেশ আবার সংকটে পড়বে দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি।
বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম শক্ত হাতে টেনে ধরা হবে বলেও আশ্বাস দেন তিনি।
২০০১–০৬ সরকারের জামায়াত নেতাদের প্রসঙ্গ
বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময় মন্ত্রিসভায় থাকা জামায়াত নেতাদের নিয়ে সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ পায়নি এমন দাবি এখন করা হলেও তারা শেষ দিন পর্যন্ত সরকারে ছিলেন কারণ তাদের খালেদা জিয়ার প্রতি আস্থা ছিল এবং তারা দেখেছিলেন খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছেন।
দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে বলে দাবি করে তারেক রহমান বলেন এই ষড়যন্ত্র জনগণই রুখতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে বহু ষড়যন্ত্র ব্যর্থ হবে।
মন্তব্য করুন