জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের তফশিল ঘোষণা সম্পূর্ণভাবেই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। একটি বড় রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতার স্বাস্থ্যগত পরিস্থিতিও বিবেচনায় আছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফশিল ঘোষিত হলে তা সবার জন্যই ভালো হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপি আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের তারিখ কোনো নির্দিষ্ট দলকে কেন্দ্র করে পরিবর্তিত হবে না। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তাদের ওপর ‘নির্বাচনবিরোধী’ তকমা চাপিয়ে দেওয়া হলেও এনসিপি বরাবরই নির্বাচন চেয়েছে এবং গণতান্ত্রিক পথে এগোতে চায়। তার মতে, নির্বাচনে যাওয়ার আগে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য হওয়া প্রয়োজন।
এনসিপির রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, দলটি কারও সঙ্গে প্রকাশ্য বা গোপন কোনো সমঝোতায় যায়নি, যদিও এ নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। খুব দ্রুতই দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও তিনি জানান। পাশাপাশি তৃতীয় একটি জোট গঠনের আলোচনা চলমান রয়েছে বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশে পুরনো ধারার কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় জনগণের আস্থা কমেছে। তাই এনসিপি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে।
নাহিদ ইসলাম মনে করেন, নির্বাচনের পর দেশজুড়ে সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এবং এনসিপির যাত্রাও নির্বাচনের পর আরও গতিশীল হবে। বর্তমান নির্বাচনী পরিবেশকে তিনি পুরোপুরি সন্তোষজনক বলতে না পারলেও, এগিয়ে যাওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন। তার মতে, ইসিকে যথেষ্ট পরামর্শ দেওয়া হয়েছে, এবং কোনো রাজনৈতিক বা আন্তর্জাতিক মহলের চক্রান্ত না হলে দেশ সঠিক পথে এগোতে পারবে।
মন্তব্য করুন